কাভার্ড ভ্যানচাপায় বাবা নিহত, ছেলে আহত

যশোরে কভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার হুদোরাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মোল্লা (৫২) সদরের চূড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়ার বাসিন্দা। তার ছেলে আবু জাফরকে (২২) আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে যশোরের দিকে আসছিলেন নয়ন ও তার ছেলে জাফর। এ সময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত বাবা-ছেলেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। জাফর সেখানে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, নয়ন মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ছেলে জাফরের অবস্থা আশঙ্কাজনক।

সোনারগাঁয়ে গাড়িচাপায় পিষ্ট নারী শ্রমিক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়িচাপায় পিষ্ট হয়ে মাকসুদা আক্তার পারুল (৪৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পারুল উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে ফাইবার কোম্পানির শ্রমিক ছিলেন। কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই বেনু মিয়া জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চাঁন্দেরকিত্তি এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে পারুল প্রতিদিনের ন্যায় কাজ শেষে ভোরে মেঘনা শিল্পাঞ্চল থেকে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় আসেন। সেখান থেকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।