খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চৌরাস্তা মোড়ের বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার সকালে কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় এ ঘটনা ঘটে। ফলে দীঘিনালা উপজেলার সঙ্গে মেরুং ইউনিয়ন সহ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
জানা যায়, গত শনিবার সকাল নয়টার দিকে মেরং থেকে দুটি কাঠবোঝাই ট্রাক পারাপারের সময় প্রথমে একটি ট্রাক ( ফেনী ট ১১০৮০২) ব্রিজে উঠে। প্রথম ট্রাকটি ব্রিজ পার না হতেই আরও একটি কাঠ বোঝাই ট্রাক ( চট্টমেট্টো ট ১১-৪৪৮৫) ব্রিজে উঠে।
পরে পেছনে উঠে যাত্রীবাহী মাহিন্দ্র। কাঠবোঝাই ট্রাকের অতিরিক্ত ভরের কারণে বিকট শব্দে ব্রিজটি নদীতে ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শী স্বপ্না রানী দাশ জানান, সকাল নয়টার দিকে বিকট শব্দে ব্রিজটি নদীতে ধসে পড়ে। পরে আমরা দৌড়ে আহতদের উদ্ধার করি। এতে করে মাহিন্দ্র গাড়িতে থাকা ড্রাইভার-যাত্রীসহ ৭ জন আহত হয়।
আহতরা হলেন, মাহিন্দ্র ড্রাইভার রামায়ন চাকমা (৩৮) যাত্রী, জুরা পানিছড়া গ্রামের হেমন্ত চাকমা (১৮), প্রিয়তম চাকমা (২৫) এবং সুশীল কান্তি চাকমা (৫৫), আটারকছড়া গ্রামের কল্পনা চাকমা (৩৬) খাগড়াছড়ি স্বনির্ভর এলাকার জোস্না চাকমা(১৭) এবং চৌংড়াছড়ি এলাকার লক্মীধন চাকমা (৩৫) গুরুতর আহত হন।
এ ব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিউলি চাকমা জানান, হাত ভেঙে যাওয়ায় জোস্না চাকমা এবং চোখ, নাকে গুরুতর আঘাত থাকায় মাহিন্দ্র ড্রাইভার রামায়ন চাকমা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের উপর দিয়ে যাতায়াত নিষেধ করা হয়েছে। সেখানে ভারী অতিরিক্ত দুই ট্রাক এক সঙ্গে কীভাবে উঠল? এখানে ট্রাক ড্রাইভারের গাফিলতি রয়েছে।
তিনি আরও জানান, ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে। যা পুনরায় সংস্কার করতে কম পক্ষে ১০ দিন সময় লাগবে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে পড়ে যাওয়া কাঠসহ ট্রাক আটক করা হয়েছে।