নতুন ধরনের করোনা সংক্রমণ ইউরোপের ৮ দেশে

ইউরোপের আটটি দেশে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন। টুইটারে এক পোস্টে ক্লুগ লিখেছেন, ‘ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কভিড-১৯-এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই ভ্যারাইটি কভিড-১৯-এর চেয়ে দ্রুত ছড়ায় এবং অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিরূপণে গবেষণা চলমান রয়েছে, এ সময়ে সতর্কতা অত্যন্ত জরুরি।’ তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলাসহ বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

গত ১৪ ডিসেম্বর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ব্রিটিশ বিজ্ঞানীরা একটি নতুন ধরনের করোনাভাইরাস স্ট্রেন শনাক্ত করেছেন, যা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের জন্য দায়ী হতে পারে। এরপর ১৯ ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, করোনার এই নতুন ধরন ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২ লাখ ৭ হাজার ১৫৫।