নরসিংদীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

নরসিংদীতে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্ররা হলো নরসিংদী শহরের মধ্য শীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন (১১) ও শিবপুরের বিবিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র ইউসুফ মিয়া (১০)।

পুলিশ ও মৃতদের স্বজনরা জানান, নরসিংদীর পাঁচদোনা শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর গ্রামে দুটি কারখানা নির্মাণের জন্য চারপাশে সীমানাপ্রাচীর দিয়ে একটি পুকুর ভরাটের কাজ চলছিল। বিকেলে স্থানীয় নাদিম ও রমিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা তিন শিশু খেলার ছলে সেখানে যায়। পরে তারা গোসলের জন্য ওই পুকুরে নামে। ওই সময় শাহাদাত ও ইউসুফ পানিতে ডুবে যায়। এ দৃশ্য দেখে সঙ্গে থাকা অপর শিশু তাদের স্বজনকে খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।