ভারতফেরত ৩৩ জন কোয়ারেন্টাইনে

করোনা নেগেটিভ সনদ না থাকায় ভারত থেকে আসা ৩৩ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল শনিবার সকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জানা গেছে, এরা সবাই ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত।

বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার সুমন সেন জানান, প্রথম ধাপে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক ছিল। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীর জন্য ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় ভারত থেকে আসা বাংলাদেশি ও বিদেশি যাত্রীদের জন্য গত ১ ডিসেম্বর থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। যারা আনছেন না তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আ. রহিম বলেন, ‘আমি ক্যারনার রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করি। আমার জানা ছিল না ফেরার সময় করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। জানলে অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।’

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন উদ্দিন জানান, শুক্রবার ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদের যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরা প্রত্যেকেই ক্যানসার ও হার্টের রোগী।