গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার ধামরাই থানা এলাকার এনামুল হক (৩৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার (৩০)। পুলিশের ধারণা, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এএসআই সানু মং মারমা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের কালামপুর এলাকায় অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে রেললাইনের ওপর লাশ দুটি পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে ভিড় জমায় শত শত মানুষ। এতে প্রায় এক ঘণ্টা যাবৎ সেখানে থেমে থাকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন। একপর্যায়ে লাশ দুটি রেললাইন থেকে সরানোর পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।