লাগামহীন করোনাভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। গত শুক্রবার নতুন করে আরও পৌনে ৫ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্য দিয়ে প্রথম করোনা রোগী শনাক্তের এক বছর পূর্ণ হওয়ার ৫ দিন আগেই বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে। ওইদিন আরও ৮ হাজারের বেশি মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে মারা যাওয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৭ লাখ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৫কোটি ৬৪ লাখ ৬০ হাজারের বেশি।
গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে এই সংখ্যা লাখে পৌঁছায় ৬৭ দিন পর। আর কোটিতে পৌঁছায় প্রায় ৭ মাস পর ২৫ জুন। তবে এর পরের ১ কোটি রোগী শনাক্ত হয় খুব দ্রুত। দেড় মাসেরও কম সময় ব্যবধানে ৮ আগস্ট বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যায়। এর ৩৬ দিন পরে ১৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ছাড়ায় ৩ কোটির ঘর। এরপরের ১ কোটি শনাক্ত হয় আরও কম সময়ে, মাত্র ৩২ দিনে। গত ১৭ অক্টোবর বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ছাড়ায় ৪ কোটি। এরপর ২৩ দিনের মাথায় নভেম্বর ৬ তারিখে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে যায় ৫ কোটি। ওই মাসের ২৩ তারিখে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ায় ৬ কোটি। এরপর চলতি মাসের ৯ তারিখে ৭ কোটি ছাড়ায় বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা। আর গত শুক্রবার বিশ্বে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটির ঘর।
একক দেশ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯২ লাখ ১০ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৭৯ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১৫ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৯ লাখ ৯৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৫৩ হাজার ৬৫৯ জন।
পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ৪৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬২ হাজার ৪২৭ জনের।
দ্বিতীয় তরঙ্গে মহামারীর গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২২ লাখ ২১ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭০ হাজার ১৯৫ জনের। ইতালিতে এখন পর্যন্ত ২০ লাখ ২৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭১ হাজার ৩৫৯ জনের। সুস্থতা লাভ করেছে দুই-তৃতীয়াংশ রোগী।
এ ছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসসহ অনেক দেশেই হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও।