আসল কাজ তার সহজে অঙ্ক শেখানো। সেটি শেখাতে গিয়ে প্রায়ই গানের কাছে আশ্রয় খোঁজেন। ছন্দ, তাল, লয় দিয়ে সুরে-সুরে অঙ্ক করেন। বুয়েট থেকে পাশ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি করা চমক হাসান এভাবে এক সময় সরাসরি গান লেখা শুরু করেন। হঠাৎ জানালেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে তার ডাক পড়েছে!
চমককে যিনি ডেকেছেন, তিনি কোনো সাধারণ নাম নন। কলকাতার সিনেমা জগতের এই সময়ের মহীরূহ- শিবপ্রসাদ মুখোপাধ্যায়!
ইচ্ছে, বেলা শেষে, প্রাক্তন, পোস্ত, হামি, কণ্ঠ - এমন অসাধারণ চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গে থাকেন নন্দিতা রায়। দুজনের সব ছবিই সুপার হিট।
চমক নিজের ফেইসবুকে এভাবে ঘোষণাটি দিয়েছেন, ‘কিছুদিন আগে আমি লস অ্যাঞ্জেলসে বসে ফোন পাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের- সামাজিক মাধ্যমে আমার আর বহ্নির গান শুনে তার খুব পছন্দ হয়েছে জানালেন। আমার হতবুদ্ধি ভাব কাটিয়ে উঠতেই জানালেন একসাথে কাজ করতে চান!’
‘‘তাদের প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রোডাকশন হাউজ থেকে নতুন চলচ্চিত্র বের হবে, পরিচালনা করবেন শিবপ্রসাদের অনেকগুলো মুভিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা অরিত্র মুখার্জি। তরুণ প্রতিভাবান পরিচালক অরিত্র মুখার্জি সম্প্রতি পরিচালনা করেছেন তার নিজের প্রথম চলচ্চিত্র ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, যেটি মুক্তি পেয়েছে এ বছর। দর্শক, সমালোচক সবার কাছেই সেটি সুনাম কুড়িয়েছে অনেক।’’
‘‘তার দ্বিতীয় কাজ ‘বাবা, বেবি ও’। সেখানে সংগীত পরিচালনায় থাকছি আমি!’’
সিনেমাটিতে সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করবেন তারকা অভিনেতা যিশু সেনগুপ্ত । কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপের দায়িত্বে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
সংগীত পরিচালক চমক বলছেন, ‘আপন খেয়ালে গান লিখি, সুর করি বহুদিন ধরে। কিন্তু একটা মুভির সিকোয়েন্স বুঝে গান লেখা- সেটা আলাদা একটা ব্যাপার, দারুণ উত্তেজনাকর একটা কাজ। কাজ শুরু হয়েছে মাত্র, এখনো বহু পথ বাকি। জানি না শেষ ফলাফল কেমন হবে! তবে অনেক কিছু ভাবছি, অনেক কিছু শিখছি, আর উপভোগ করছি অনেক! তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারি সেই শুভাশীষ চাই সবার কাছে!’
গান লেখা, সুর করা, গান গাওয়া, লেখালেখি-এ রকম নানা কাজে ডুবে থাকা চমক হাসান সবচেয়ে বেশি পছন্দ করেন গণিত নিয়ে কাজ করতে। দেশের বাইরে যাওয়ার পর গণিত নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করেন তিনি। গণিতের রঙে, চটপটে গণিত-তার দুটি ভিডিও সিরিজ। এ ছাড়া ওয়েবসাইটে ‘ক্যালকুলাসের অ-আ-ক-খ’ নামে একটি কোর্স পরিচালনা করেছেন কিছুদিন।
গণিত ভালোবাসেন, গণিত অলিম্পিয়াডে স্বেচ্ছাসেবক হিসেবে প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় গণিত ক্যাম্পে ক্লাসও নিয়েছেন। গণিতের আনন্দময় বিষয়গুলো মজা করে বোঝানোর একটি উদ্যোগ ‘সংখ্যা ভ্রমণ’, যার উদ্যোক্তাদের মধ্যে তিনি একজন।