করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে কলকাতা বইমেলা। প্রতিবছর জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত এ বইমেলা অনুষ্ঠিত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ২৪ ডিসেম্বর পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একটি সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আপাতত কয়েক মাস পিছিয়ে দেওয়া হবে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত তারা চাইছেন যে করোনা পরিস্থিতি কেটে গেলে সুস্থ পৃথিবীতে হোক বইমেলা। ভ্যাকসিন এলে করোনার প্রকোপ কিছুটা কমলে বইমেলা আয়োজন করা হতে পারে। আর তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে তৈরি তারা।
উল্লেখ্য এবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বইমেলার থিম করা হয়েছিল বাংলাদেশ।
রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘আন্তর্জাতিক বিমান চলছে না, স্কুল–কলেজ বন্ধ, ভ্যাকসিন আসেনি— এ অবস্থায় মানুষের জীবন–মরণের প্রশ্ন যেখানে জড়িত, সেখানে এত বড় উৎসব করা উচিত হবে না। মেলায় এককালীন ১০০ জন করে প্রবেশ করানো বা ৭৫০ স্টলের মধ্যে কোনো স্টলের ভেতরে লোকজন ঢুকতে পারবে না, সেলফি নিতে পারবে না— এ সব করা সম্ভব নয়, অবাস্তব।’
তিনি বলেন, সমস্ত আন্তর্জাতিক বইমেলা যেমন লন্ডন বইমেলা ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।
হিন্দুস্তান টাইমস সূত্রের বরাত দিয়ে জানায়, পরিস্থিতি সে রকম হলে এ বছর নাও হতে পারে কলকাতা বইমেলা।