শেখ জামাল-পুলিশের ড্রয়ে শেষ আটে শেখ রাসেল

ফেডারেশন কাপ ফুটবলে রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি। ‘এ’ গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ফল ২-২। এই ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালের ভাগ্য ঝুলে গেছে দুই দলেরই। অন্যদিকে গ্রুপের অন্য দল শেখ রাসেল ক্রীড়া চক্রের শেষ আটে খেলা নিশ্চিত হয়ে গেছে।

ম্যাচের ১০ মিনিটে মোহাম্মদ স্বাধীনের গোলে লিড নেয় পাকির আলির পুলিশ। ৫১ মিনিটে শেখ জামালের পক্ষে সমতা টানেন ওমর। ৭৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে শেখ জামাল। এক মিনিট পর সলোমন কিং তাদের সমতা এনে দেন।

এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে শেখ রাসেল। ১ করে পয়েন্ট শেখ জামাল ও পুলিশের।

‍বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও শেখ জামাল। ড্র হলে কোয়ার্টার ফাইনালে উঠবে শেখ জামাল। ১-০ গোলে হারলেও সুযোগ থাকবে শফিকুল ইসলাম মানিকের দলের। তবে তারা ২-০ ব্যবধানে হারলে নকআউট পর্বে যাবে পুলিশ।

দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে নিজেদের করে মোহামেডান। এই জয়ে আসরের শেষ আটে খেলার সম্ভাবনাও জোরালো করেছে দলটি। গ্রুপের অন্য দল আবাহনী লিমিটেড।