খালেদা জিয়ার অদক্ষতার কারণে বিনামূল্যে সাবমেরিন সংযোগ পাইনি: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে বিনামূল্যে সাবমেরিন কেব্‌্‌ল স্থাপনের সুযোগ এলেও তৎকালীন সরকারের অদূরদর্শী নেতৃত্বের অভাবে তা বাস্তবে রূপ নেয়নি।

স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সব উপজেলা পরিষদে নবনির্মিত কমপ্লেক্স ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে পঞ্চম-ষষ্ঠ তলায় চার হাজার বর্গফুট ফ্লোর এরিয়া ব্যবহার বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে একসময় সাবমেরিন কেবল বিনা পয়সায় স্থাপনের সুযোগ তৈরি হলেও তৎকালীন সরকারপ্রধান খালেদা জিয়া বলেছিলেন এটির সংযোগ হলে দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে এবং তথ্য পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। তার অদূরদর্শিতার কারণে এই সুযোগ থেকে দেশ এবং দেশের মানুষ বঞ্চিত হয়েছে। এমনকি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু ওই সময়ে পৃথিবীর অনেক দেশ সাবমেরিনে যুক্ত হয়ে এখন তার সুফল নিচ্ছে।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির সুফল অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিণত হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এ খাতে বাংলাদেশ অনেক সম্ভাবনাময়ী। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে এবং লক্ষ্যমাত্রা ২০২১, ২০৩০ ও ২০৪১-এ পৌঁছাতে হলে সরকারের সব অঙ্গকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একত্রে কাজ করার উদাহরণ হিসেবে আইসিটি বিভাগের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আজকের এই চুক্তি নতুন দিগন্তের উন্মোচন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে যখন সরকার গঠন করেন, তখন এ দেশে ডিজিটাল সেবা বলে তেমন কোনো কিছু ছিল না। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সরকারের সব সেবা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্থানীয় সরকার বিভাগ ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।