৯৬ রানে অপরাজিত কেন উইলিয়ামসন সেঞ্চুরি করলেও আটকে দেওয়া গিয়েছিল ১২৯ রানেই। আগের টেস্টে ১৭৪ রান করা হেনরি নিকোলসকে থামানো যায় ৫৬-তেই। কিন্তু উইকেটকিপার বিজে ওয়াটলিং স্যান্টনার, জেমিসন, ওয়াগনারদের নিয়ে শেষ পর্যন্ত ৪৩১ রানে নিয়ে যান নিউজিল্যান্ডের প্রথম ইনিংসকে। মাউন্ট মঙ্গানুইতে কঠিন এই চ্যালেঞ্জের পিছু করতে নেমে পাকিস্তান শান মাসুদের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে তোলে ৩০ রান।
৩ উইকেটে ২২২ রান নিয়ে নেমে প্রথম কয়েক ওভার ধীরলয়েই এগুতে থাকেন নিকোলস-উইলিয়ামসন। ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ড অধিনায়ক। দলের ২৬৬ রানে গিয়ে হয় প্রথম বিপর্যয়। ৫৬ করা নিকোলস ফেরেন নাসিম শাহর পেসে। খানিক পর আরেক শাহা ইয়াসিরের লেগ স্পিনে বিদায় নেন উইলিয়ামসনও। ৪ মিনিট কম ৮ ঘণ্টায় ২৯৭ বলে ১২৯ করেন কিউই অধিনায়ক। তিনি বিদায় নেওয়ার পর ১৫০ রান যোগ করে পাকিস্তানিদের হতাশায় ডুবিয়েছেন ওয়াটলিংরা। ২১৬ মিনিট ব্যাটিংয়ে ৭৩ রান করেছেন ওয়াটলিং। পাকিস্তান বোলারদের মধ্যে সফল শাহিন আফ্রিদি। তিনি ১০৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। ১১৩ রানে ৩ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। নিকোলাসের উদ্দেশে কটূক্তি করে তিনি বিতর্কেরও জন্ম দিয়েছেন। দিনের শেষে পাকিস্তান খুব সাবধানে শুরু করলেও অক্ষত ফিরতে পারেনি। ইনিংসের ২০ ওভারে সফরকারীরা তোলে মাত্র ৩০ রান। ওপেনার শান মাসুদ ১০ রান করে কাইল জেমিসনের বলে আউট হন। ১৯ রানে অপরাজিত ছিলেন আবিদ আলি।