দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত কমে এলেও আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা কমেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে সুস্থ হওয়ার সংখ্যা কমেছে ২৭ ভাগের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ দুই সপ্তাহে (১৪-২৭ ডিসেম্বর) দেশে ৩১ হাজার ৬৫ জন করোনা রোগী সুস্থ হয়েছে। যেখানে তার আগের দুই সপ্তাহে সুস্থ হয়েছিল ৪২ হাজার ৭২৪ জন। অর্থাৎ শেষ দুই সপ্তাহে ১১ হাজার ৬৫৯ জন রোগী কম সুস্থ হয়েছে। শতকরা হিসাবে যা ২৭ দশমিক ২৯ শতাংশ। গতকাল রবিবার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছে, যা সম্প্রতিক সময়ে অন্যান্য দিনের তুলনায় অনেক কম। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে ৫ লাখ ৯ হাজারের বেশি করোনা শনাক্ত রোগীর মধ্যে সাড়ে চার লাখের বেশি সুস্থ হয়েছে। শতকরা হিসাবে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় ৮৯ ভাগই সুস্থ হয়ে গেছে।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এদিন মৃতদের মধ্যে ১৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা এবং ২২ জনের বয়স পঞ্চাশোর্ধ। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাড়ে ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষায় এদিন ৮ দশমিক ২৯ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের এ হার গত ২৬০ দিনের মধ্যে সবচেয়ে কম।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৯৫তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ১৬৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান রয়েছে। এর মধ্যে নতুন চারটিসহ ২৪টি জিন-এক্সপার্ট, ২৯টি র্যাপিড অ্যান্টিজেন এবং বাকিগুলো আরটি-পিসিআর পরীক্ষাগার। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত) ১৩ হাজার ৫টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৫০টির। এসব পরীক্ষায় ১ হাজার ৪৯ নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৭৩ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত অ্যান্টিজেন টেস্টসহ ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৭ হাজার ৪৫২ এবং সুস্থ হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৬ ও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ৩ এবং খুলনা ও রংপুরে ২ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৫, ৫১-৬০ বছরের ৭, ৪১-৫০ বছরের ১ এবং ৩১-৪০ বছরের ছিল ১ জন। ২৩ জন মারা গেছে হাসপাতালে এবং ১ জন বাড়িতে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৫ হাজার ৬৭৫ ও নারী ১ হাজার ৭৭৭ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ১৫ ও নারী ২৩ দশমিক ৮৫ ভাগ। সর্বোচ্চ ৪ হাজার ৮১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৩৮৯, খুলনায় ৫২৫, রাজশাহীতে ৪৩১, রংপুরে ৩৩৬, সিলেটে ২৯০, বরিশালে ২৩৬ এবং সর্বনিম্ন ১৬৪ জন মারা গেছে ময়মনসিংহ বিভাগে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ রোগীকে আইসোলেশনে ও ৪১০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১১ হাজার ৮৪৬ ও কোয়ারেন্টাইনে আছে ৩৮ হাজার ৮৭৬ জন। সারা দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৫১০টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৪৩৮টিতে। বাকিগুলো খালি ছিল। এছাড়া ৫৮২টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি ছিল ২৯৫টিতে।