যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যের রকফোর্ড সিটির বোলিং এলেতে এ হামলার ঘটনা ঘটে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রকফোর্ড সিটির পুলিশপ্রধান ডেনিয়েল ও’শিয়া সংবাদ সম্মেলন করে জানান, নিহত ৩ একটি ভবনে বোলিং খেলা হচ্ছিল। পুলিশ গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তখনো বন্দুকধারী ভবনে ছিল। এরপর সেখানে তিনজনের মৃতদেহ পাওয়া যায়। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলাকারীর উদ্দেশ্য কী ছিল তা উল্লেখ না করে তিনি আরও জানান, সন্দেহভাজন একজন তাদের হেফাজতে রয়েছেন। ৩৭ বছর বয়সী এই শ্বেতাঙ্গই হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশপ্রধান।

হতাহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তবে নিহতদের মধ্যে অন্তত দুজন কিশোর বলে জানা গেছে। শিকাগো নগর থেকে প্রায় ৯০ মাইল দূরে উইসকনসিন রাজ্যের সীমান্তে রকফোর্ড নগরী। নগরীর মেয়র টম ম্যাকনামারা এ ঘটনায় গভীর শোক ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।