যুক্তরাজ্যে করোনার নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত এবং সংক্রমণ ব্যাপক হওয়ার পরিস্থিতিতেও যুক্তরাজ্য থেকে বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সোমবারও বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে ১৬৭ যাত্রী সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এদের মধ্যে ১৪৪ জন সিলেটে নামেন। অন্যরা একই ফ্লাইটে ঢাকায় গেছেন। সিলেটের ১৪৪ জনকে যার যার বাড়িতে একা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে দৈনিক দেশ রূপান্তরকে বলেন, যে ১৪৪ যাত্রী সিলেটে এসেছেন তাদের প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। তাই তাদের হোম কোয়াইরেন্টাইনের নির্দেশ দিয়ে বাড়িতে যেতে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এই সার্টিফিকেট দেখে তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে আসা প্রবাসীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি সোমবার ১২টা ১০ মিনিটে সিলেটে এসে পৌঁছায়। এই ফ্লাইটে আসা ১৬৭ যাত্রীর মধ্যে সিলেটের ১৪৪ জন। এর আগে গত বৃহস্পতিবার বিমানের আরেকটি ফ্লাইটে সিলেটে আসেন ১৬৫ জন যাত্রী। তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। চলতি ডিসেম্বর মাসে সবমিলে ১ হাজার ১৬৪ যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন।