রাজধানীতে চলন্ত বাসে শফিকুল ইসলাম এক গার্মেন্টস ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় দুই রিকশাচালক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সঙ্গে থাকা বাসের টিকিটের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে পুলিশ। শফিকুল খুলনা দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আকবর গাজীর ছেলে।
মোবাইল ফোনের তার ছোট ভাই সিরাজুল ইসলাম জানান, শফিকুল এক মেয়ে ও স্ত্রী নিয়ে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় থাকতেন। নারায়ণগঞ্জে ওন ব্রাদার্স নামে একটি গার্মেন্টস কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করতেন তিনি।
তবে আজ কোথায় থেকে শফিকুল কোথায় যাচ্ছিলেন তা জানেন না বলে জানান ছোট ভাই সিরাজুল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দুই রিকশাচালক জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনের বিপরীত পাশের রাস্তায় একটি বাসের ভেতর থেকে নামিয়ে তাদের রিকশায় তুলে দেওয়া হয় শফিকুলকে। এরপরই তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
বাসটি গাবতলীগামী ছিল। তবে বাসের নামটিও তারা জানাতে পারেননি। শফিকুলকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে কৌশলে এক রিকশাচালক পালিয়ে যান বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি আরও জানান, ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করে দেখবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে।