ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে স্বপ্ন  সুপার শপের আশুগঞ্জ শাখার ম্যানেজার নাসিউল হক (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে পুলিশ তার লাশটি উদ্ধার করে। বাসার ছাদের রডে সঙ্গে লাশটি ঝুলন্ত ছিল। নাসিউল নওগাঁ জেলার সাপাহার থানার প্রফেসার পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

নাসিউল ভৈরবের ওই বাসায় একা রুম ভাড়া নিয়ে ব্যাচেলর হিসেবে থাকতেন। তিনি কী কারণে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলেন, সে বিষয়ে প্রতিবেশীরা কেউ কিছু বলতে পারছেন না। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্বপ্ন’র ভৈরব ও আশুগঞ্জের মালিক আলহাজ্ব জাহিদুল হক জাবেদ জানান, আশুগঞ্জের শোরুমটি আমি দেড় মাস আগে শুরু করি। কোম্পানি কর্তৃপক্ষ তখন তাকে সেখানে নিয়োগ দেয়। আমি তার বিষয়ে বিস্তারিত জানি না। ঘটনা জানার পর হেড অফিসে জানিয়েছি। তারা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। বুধবার লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।