আদালতের আদেশ অমান্য করে কাটা হচ্ছে খাসজমির গাছ

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে হাইকোর্টের স্থিতিবস্থা অমান্য করে খাসজমির গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার পঞ্চগড় সদর থানায় একটি চিঠি দিয়েছেন।

জানা গেছে, ১৯৯৭ সালের ২১ আগস্ট অমরখানা ইউনিয়নের মধুপাড়া মৌজায় ৫১৯ নম্বর দাগের ১৪ দশমিক ৮৩ একর জমি খাস ঘোষণা করা হয়। ওই জমি নিয়ে সরকারকে বিবাদী করে সোনারবান অমরখানা এলাকার তালমাবস্তি গ্রামের মৃত আবদুল মালেক উদ্দীনের ছেলে রোস্তম আলী পঞ্চগড় সিনিয়র জজ আদালতে একটি মামলা করেন। ২০০২ সালের ২৬ আগস্ট মামলাটি খারিজ হয়ে যায়।

পরে বাদীপক্ষ মামলা করলে ২০০৩ সালের ৭ জানুয়ারি আদালত মামলাটি গ্রহণ করেনি। এরপর বাদীপক্ষ পঞ্চগড় যুগ্ম জেলা জজ আদালতে আরও একটি মামলা করলে আদালত ২০০৩ সালের ৭ জানুয়ারির আদেশ বহাল রাখেন। ওই খাসজমিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘মুজিববর্ষে’ আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হলে রোস্তম আলীর ছেলে মানিক শাহ মামলা করলে হাইকোর্ট বিভাগ গত ১৭ ডিসেম্বর ছয় মাসের স্থিতিবস্থা জারি করে।

এ স্থিতিবস্থা থাকা অবস্থায় রোস্তম আলীর স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে মানিক শাহ ওই জমিতে থাকা কাঁঠালগাছসহ বিভিন্নœ প্রজাতির গাছ কাটা শুরু করেন। গত সোমবার তারা ছয়টি গাছ কেটেছেন।