অবৈধ সম্পদ অর্জনের মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন আসিফ।
পাকিস্তানের দ্য নিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এক বিবৃতিতে এনএবি বলেছে, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেপ্তার করেছেন।
পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।
এনএবি বলেছে, খাজা আসিফকে আয়সহ অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন।
দ্য নিউজ জানায়, দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন আসিফ।
আসিফকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ।
নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেছেন, তার বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।