হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থির কারাদণ্ড

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থিকে সাত মাস থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনের শেনঝেন ইয়ানতিন ডিস্ট্রিক্ট পিপলস কোর্ট তাদের এ কারাদণ্ডের সঙ্গে জরিমানা করে বলে খবর দিয়েছে বিবিসি।

গত জুনে হংকংয়ে পেইচিংয়ের কঠোর নিরাপত্তা আইন চালু হয়। এরপরই আগস্টে স্পিডবোটে করে তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় সমুদ্রে ধরা পড়ে হংকংয়ের ১২ তরুণ। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার চীন কর্র্তৃপক্ষ জানায়, ১০ জন দোষ স্বীকার করেছে। অপ্রাপ্তবয়স্ক দুজনও ভুল স্বীকার করেছে। তবে গণতন্ত্রপন্থি এই কর্মীদের আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণ ছাড়াই যে সাজা দেওয়া হয়েছে, তা কঠোর।

গত সোমবার তাদের শেনঝেন আদালতে বিচার করা হয়। তবে আদালতের শুনানি প্রত্যক্ষ করার অনুমতি বিদেশি সাংবাদিক বা কূটনীতিকদের দেওয়া হয়নি।