নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যার পৃথক দুটি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গতকাল বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ বিএনপির সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজনৈতিক সংঘাতে ২০১৪ সালের ৫ জানুয়ারি রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট রাজিব নিহত হন। এসব ঘটনায় বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে মামলা করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া দুলাল ব্যাপারীর ছেলে ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিকভাবে দায়ের করা ‘মিথ্যা’ মামলা দিয়ে আমার বৃদ্ধ পিতাকে কারাগারে পাঠানো হয়েছে। আমার পিতাসহ সবার মুক্তি দাবি করছি।’