২০২০ সালটি বিশ্ববাসী ভুলে যেতে চাইবে। কভিড-১৯ নামের এক ভয়ংকর ভাইরাস গোটা বিশ্বকে আতঙ্কে রেখেছে। এখনো পিছু ছাড়েনি। তার থাবা থেকে মুক্তি পায়নি এ দেশের ক্রীড়াঙ্গনও। মার্চ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ ছিল সব ধরনের খেলা। করোনার প্রথম ঢেউ একটু শান্ত হলে ফুটবলসহ কিছু খেলা সীমিত আকারে শুরু হয়। তারপরও ২০২০-এর দেশের ক্রীড়াঙ্গন শুধুই থেমে থাকা আর অনিশ্চয়তার গল্প। ফুটবলারদের কেটেছে অলস সময়। তবে নির্বাচন ঘিরে করোনা জর্জর বছরেও আলোচনায় ছিল বাফুফে।
ফুটবল ছিল ব্যতিক্রম
ঘরোয়া ফুটবল শুরু হয়েছিল ব্যস্ত সূচি দিয়ে। হওয়ার কথা ছিল বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো, এএফসি কাপ, মুজিববর্ষে সাফ চ্যাম্পিয়নশিপসহ বেশ কিছু প্রীতি ম্যাচও। করোনায় ভেস্তে গেছে সিংহভাগ। দীর্ঘ ৮ মাস ফুটবলারদের কাটাতে হয়েছে অলস সময়।
কিংসের ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু
বছরের প্রথম আসর ছিল ফেডারেশন কাপ। শুরু হয়েছিল ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে দেশের ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস।
সেমিফাইনালেই শেষ জামালদের বঙ্গবন্ধু কাপ
১৫ জানুয়ারি ঢাকায় বসে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসর। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলেছে ফিলিস্তিন, শ্রীলঙ্কা, বুরুন্ডি, মরিশাস ও সিশেলস। ‘এ’ গ্রুপে ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারার পর শ্রীলঙ্কাকে ৩-০তে হারিয়ে সেমিফাইনাল উঠে বাংলাদেশ। তবে শেষ চারে বুরুন্ডির কাছে ৩-০ হারে বিদায় নিতে হয় স্বাগতিকদের। ফাইনালে বুরুন্ডিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ফিলিস্তিনের।
৩৬ ম্যাচেই শেষ প্রিমিয়ার লিগ
১৩ ফেব্রুয়ারি মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের ১২তম আসর। ৬ রাউন্ডে খেলা হয়েছে ৩৬টি। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১৫ মার্চ আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচের পর লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। আর ১৭ মে লিগসহ মৌসুম বাতিল করে ফুটবল ফেডারেশন।
কিংসের এএফসি কাপ আক্ষেপ
১১ মার্চ ঘরের মাঠে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১-এর লজ্জায় ডুবিয়ে এএফসি কাপের অভিষেক হয়েছিল বসুন্ধরা কিংসের। আর্জেন্টিনা দলে লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোস একাই চার গোল করেন। করোনা এরপর আর একটি ম্যাচও হতে দেয়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন্স ১০ সেপ্টেম্বর বাতিল করে আসরটি। ‘ই’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়নদের উড়ন্ত অভিষেক এক লহমায় বদলে যায় আক্ষেপে।
আগস্টে মাঠে ফেরার ব্যর্থ চেষ্টা
মার্চ ও জুনে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি চার ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তা ৯ মার্চ স্থগিত হয়। অক্টোবর-নভেম্বরে বাকি ম্যাচগুলোর খসড়া সূচি দিয়েছিল ফিফা ও এএফসি। ফেডারেশন আগস্টে ক্যাম্প শুরুর উদ্যোগ নিয়ে বিপাকে পড়ে। সতর্কতার অভাব প্রতিফলিত হয় খেলোয়াড়দের কভিড-১৯ টেস্টে। ক্যাম্পে আসা ২৪ জনের ১৮ জনই পজিটিভ! ট্রেনিং ক্যাম্প রূপ নেয় আইসোলেশন ক্যাম্পে। ১২ অক্টোবর অবশ্য ফিফা আবার খেলা স্থগিত করলে ক্যাম্পও বাতিল হয়ে যায়।
দোহায় বিশ্বকাপ বাছাইয়ের তিক্ত অভিজ্ঞতা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে নেপালকে উড়িয়ে এনে নভেম্বরে দুই ম্যাচের সিরিজ আয়োজন করে বাফুফে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ ড্র। এর কিছুদিন আগেই কাতার ফিফা-এএফসির বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশকে বাছাইপর্বের ফিরতি ম্যাচটি খেলতে আমন্ত্রণ জানায়। নেপাল সিরিজ শেষে দল দোহা গেলেও শিষ্যদের সঙ্গী হতে পারেননি ইংলিশ কোচ জেমি ডে। কভিড পজিটিভ হয়ে ১৬ দিন হোটেলবন্দি থাকার পর যান দোহায়। ৪ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে বাংলাদেশ হার মানে ৫-০ ব্যবধানে।
সালাউদ্দিনের টানা চার
২০০৮, ২০১২, ২০১৬-র পর ২০২০ সালের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হন কাজী সালাউদ্দিন। ৩ অক্টোবর নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই সাবেক ফুটবলার বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক। অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাদল। তবে প্রত্যাহারের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় তার নাম থেকে যায় ব্যালটে। সালাউদ্দিন সংখ্যাগরিষ্ঠতা পেলেও বাদলের নামের পাশে পড়ে ৪০ ভোট। মানিক পান ১ ভোট।
মহিলা লিগ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু
নভেম্বরে মহিলা লিগ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু হয়। সাত দলের লড়াইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপও। ২২ ডিসেম্বর শুরু হয়েছে ছেলেদের ফেডারেশন কাপ।
ভারতীয় লিগে জামাল
ছয় বছর পর প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ক্লাবে খেলার সুযোগ পান বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। নভেম্বরে তাকে দলে নেয় আই লিগের ক্লাব কলকাতা মোহামেডান। ২০১৪ সালে আইএসএলের দল আতলেতিকো দি কলকাতায় খেলতে গিয়েছিলেন মামুনুল ইসলাম।