হাতিয়া পৌরসভা নির্বাচনে ৭০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদেরকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের ওবায়দুল্লাহ বিপ্লব, বিএনপির কাজী আবদুর রহীম ও স্বতন্ত্র মো. শাহীন মেয়র পদে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়নপত্র জমা দেন।
এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাতিয়া পৌরসভায় ৩২ হাজার ৩৯৮ ভোটারের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৫৩ ও নারী ভোটার ১৫ হাজার ৬৪৫ জন।
১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনে ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৩ জানুয়ারি যাচাই-বাছাই, ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।