বাবরে স্বস্তি পাকিস্তানের নির্ভার নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে আগামীকাল ভোর থেকে শুরু হতে যাওয়া টেস্টে ফিরছেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। ফিট হয়ে উঠছেন তার প্রমাণ নেটে ব্যাটিং সেশন। গতকাল বেশ লম্বা সময় পার করেছেন নেটে। তাই দ্বিতীয় টেস্টে নেতৃত্বে বাবরের মাঠে নামা একরকম নিশ্চিত। প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা পাকিস্তানের জন্য সিরিজে সমতা আনতে এর চেয়ে বড় স্বস্তির খবর নেই। এদিকে সিরিজে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের জন্য এই টেস্ট ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার চেয়েও তার গুরুত্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। এই টেস্ট জিতলেই পাকাপাকিভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই নম্বরে উঠবে কিউইরা। তাতে আগামী জুনে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রাখবে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচ জিতে টেস্টের এই আসরে টানা পঞ্চম জয় তুলেছিল নিউজিল্যান্ড। এ ছাড়া ঘরের মাঠে তিন বছর ধরে টেস্টে না হারার রেকর্ডও ধরে রাখে দলটি। পাকিস্তানের বিপক্ষে জেতায় টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের শতাংশ বেড়েছে নিউজিল্যান্ডের। ০.৬২৫ থেকে ০.৬৬৭ হয়েছে নিউজিল্যান্ডের। চ্যাম্পিয়নশিপে মোট ১০ টেস্টে ৬ জয় ব্ল্যাক ক্যাপসদের। পাকিস্তানের সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় দলটিকে ০.৭০০ শতাংশ পয়েন্ট এনে দেবে। ভারত ১১ টেস্টে ৮ জয়ে ০.৭২২ পয়েন্টের শতাংশ নিয়ে দুইয়ে আছে। ১১ টেস্টে ৭ জয়ে পারফরম্যান্সের ভিত্তিতে ভারতকে টপকে উপরে উঠবে কিউইরা। 

সেই লক্ষ্যে নিউজিল্যান্ডের জন্য জোর ধাক্কা বলা চলে নেইল ওয়াগনারকে হারানো। দলটির এই টেস্ট স্পেশালিস্ট পেসারের কারণেই প্রথম টেস্টে জিতেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের ৩২ বছর আগের সাফল্যের পুনরাবৃত্তি থামাতে নেতৃত্ব দেন ওয়াগনার। গোড়ালির ইনজুরি নিয়েই ওই টেস্টে একের পর এক ওভার করে গেছেন। ক্রাইস্টচার্চ টেস্টে তাই ওয়াগনারের থাকার সম্ভাবনা নেই। তার বদলে দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট হেনরি।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য হেনরিও তৈরি। ডিসেম্বরে পাকিস্তান দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। দলে অন্য পরিবর্তন আসবে কি-না তা নিশ্চিত করেননি কোচ গ্যারি স্টিড।’

এদিকে পাকিস্তান দলে বাববের ফেরা অনেকটাই নিশ্চিত হলেও এখনই ঘোষণা দেওয়া হচ্ছে না। দলের মুখপাত্র জানান, চিকিৎসক প্যানেলের পরামর্শ পেলে তবেই ঘোষণা দেওয়া হবে। কিন্তু নেটে যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন তাতে বাবরকে সম্পূর্ণ ফিটই মনে হচ্ছে।