নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা আওয়ামী লীগের সদস্য পদ পাবে না: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে, তারা কখনো দলের সদস্য পদ পাবে না, আওয়ামী লীগের নৌকায় উঠতে পারবে না।

শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্তভাবে মনোনিত করবেন তার পক্ষে কাজ করতে হবে। দলে কোন্দল থাকতে পারবে না। যারা আওয়ামী লীগ করবে, তাদের সবাইকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে, দলের সভানত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কোনো বিদ্রোহী প্রার্থী আর নৌকায় চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে তারা দলর সদস্য পদ আর পাবে না।

শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্ব এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ। সমাবেশে শেষে নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযাগ করেন জাহাঙ্গীর কবির নানক।