ভারতে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। এমন আশার কথা শোনালেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, দেশবাসীকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। শুধু দিল্লিতে নয় বরং পুরো দেশজুড়েই এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে ফেলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আজ টিকাকরণের ড্রাই রান চলছে পশ্চিমবঙ্গেও। তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবীর ওপর টিকার ড্রাই রান চালানো হবে। টিকাকরণের কাজ চালাতে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, টিকাকরণের গতি বাড়াতে গেলে আরও কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই ড্রাই রানের আয়োজন করেছে ভারত।