ফেনী পৌরসভা নির্বাচনে ১৮টি সাধারণ ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১০টিতে মাত্র একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সাধারণ ওয়ার্ডে সাতজন ও সংরক্ষিত ওয়ার্ডে তিনজন আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হতে যাচ্ছেন। অপর ১৪টিতে প্রার্থী হয়েছেন ৩৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে ১৮টি সাধারণ ওয়ার্ডে ৭টিতে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে আশ্রাফুল আলম গিটার, ২ নম্বর ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে কোহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সাহাব উদ্দিন তসলিম, ৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ডে আবুল কালাম, ১৩ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন খান ও সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে হাছিনা আক্তার নিঝুম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ জেসমিন আক্তার, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা বেগম ছাড়া আর কেউ প্রার্থী হননি। উল্লেখ্য, ৩০ জানুয়ারি পৌরসভাটিতে ভোট।