গোড়ালির চোট কাটিয়ে আজ মাঠে ফিরেছেন লিওনেল মেসি। লা লিগায় হুয়েস্কার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তাকে রেখেছেন কোচ রোনাল্ড কোম্যান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল এই ডাচ জানান, ‘মেসি ভালো আছে, তার গোড়ালিতে কোনো অস্বস্তি নেই। সে প্রস্তুত, আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ।’ সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোম্যান। তিনি মেসির সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, ‘তার অবস্থাটা আপনাদের বুঝতে হবে। সাক্ষাৎকারে সে বলেছে, এ ব্যাপারে এখনো সে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাকে সম্মান করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হলে সব খেলোয়াড়ই সিদ্ধান্ত নিতে পারে। সে এমন একজন খেলোয়াড় যে দলের সবচেয়ে ভালো চায়। এটা এমন কোনো সমস্যা নয় যেটা সম্পর্কে আগে বলা হয়নি। তার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে।’
চোটের জন্য আজকের ম্যাচে কুতিনহো, পিকে, ফাতি ও রর্বেতোকে পাচ্ছেন না কোম্যান। লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে পয়েন্ট তালিকার ৬-এ বার্সেলোনা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। শীর্ষের আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা। বড়দিনের ছুটিতে যাওয়ার আগে শেষ ম্যাচে বার্সা জিতলেও ছুটির পর এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সা। গোড়ালির অস্বস্তির জন্য সে ম্যাচ খেলেননি মেসি।