চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তির জন্য তিন বছর বয়সী শিশুকে অপহরণের পর ‘অবাধ্য’ হওয়ায় তাকে শৌচাগারের ট্যাংকে ফেলে হত্যা করা হয়েছে বলে পুলিশ হেফাজতে নেওয়া ‘অপহরণকারী শিশু’ জানিয়েছে। এছাড়া জামালপুরে ইজিবাইক চালকের, সাতক্ষীরায় মাছের ঘের থেকে প্রতিবন্ধী তরুণের এবং রাজবাড়ীর গোয়ালন্দে তরুণী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
চাঁপাইনবাবগঞ্জ : পৌরসভার মসজিদপাড়া থেকে নিখোঁজের দুদিন পর তিন বছর বয়সী শিশু রোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে সদর হাসপাতালের খোলা সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই হত্যাকা-ের সঙ্গে জড়িত অন্য এক শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহারের জন্য শিশু রোহানকে অপহরণ করা হয়েছিল এবং অবাধ্য হওয়ায় তাকে ট্যাংকে ফেলে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেফাজতে থাকা ওই শিশু।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর নির্মাণশ্রমিক সুজন আলীর তিন বছরের শিশু রোহান নিখোঁজ হয়। রোহানের পরিবার ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের পেছনের একটি খোলা সেপটিক ট্যাংকের ভেতর থেকে রোহানের মরদেহ উদ্ধার করে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল হত্যাকা-ে জড়িত ওই শিশুকে হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে থাকা ১২-১৩ বছর বয়সী ওই শিশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লায়।
জামালপুর : ওয়াসিম নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে শহরের চর নাওভাঙা এলাকার ভাড়াবাড়ি থেকে ওই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার এসআই আজিজুল হক জানান, খবর পেয়ে শহরের পাথালিয়া উত্তরপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মৃত ওয়াসিমের বাবা তোফাজ্জল সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
সাতক্ষীরা : মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়ায় মজুমদারের খালের পাশের একটি মাছের ঘেরে। রিংকু জব্বার মল্লিকের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন বলেন, রবিবার সকালে স্থানীয় লোকজন মাছের ঘেরে তরুণের বস্ত্রহীন মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ট্রাক বুকিং কাউন্টার সংলগ্ন এলাকার ভাড়াবাসা থেকে গৃহবধূ শিরিন আক্তার কলির (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী হুমায়ুন কবির মিল্টন গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা। কলি ঝিনাইদহের শৈলকুপার কুলচারা গ্রামের রেজাউল করিমের মেয়ে। বিয়ের তিন বছরেও সন্তান না হওয়ায় মানসিক অশান্তি ছিল বলে স্বজনরা জানিয়েছেন।