এক ঝলকে

২৩ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ

১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে সফর শুরু হয়েছিল ছোট্ট বুম্বার। ১৯৮০ সালে সেই বুম্বাই হয়ে ওঠেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাণিজ্যিক সিনেমার হিরোর তকমাকে ছাপিয়ে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রসেনজিৎ। শুধু অভিনেতা নন, দুবার পরিচালকের ভূমিকায়ও দেখা গেছে তাকে। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল তার পরিচালিত প্রথম সিনেমা ‘পুরুষোত্তম’। অভিনয় করেছিলেন দেবশ্রী রায়, অভিষেক চট্টোপাধ্যায়, দীপঙ্করদের মতো তারকা। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘আমি সেই মেয়ে’। মুখ্য ভূমিকায় ছিলেন জয়াপ্রদা, রঞ্জিৎ মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশি তারকা আলমগীর। দুই ছবিরই নায়ক ছিলেন প্রসেনজিৎ। ২৩ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন প্রসেনজিৎ। নতুন ছবি তৈরি হলে তিনিই নায়ক হবেন কি না, তা সময়ই বলবে। তবে শোনা যাচ্ছে, টলিউডের এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। লকডাউনে খুব একটা কাজ করেননি প্রসেনজিৎ। শুধু একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

চলে গেলেন জোয়ান সিলভার

৮৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন হলিউডের নারী নির্মাতাদের অগ্রদূত জোয়ান মিকলিন সিলভার। গত বৃহস্পতিবার ভাসকুলার ডাইমেনশিয়ার কারণে নিউ ইয়র্কের বাড়িতে মৃত্যু হয়েছে এ কিংবদন্তির। ১৯৭৫ সালে তার সিনেমা ‘হেস্টার স্ট্রিট’ আমেরিকায় স্বাধীন ধারার সিনেমার কদর বাড়িয়েছিল। ২০০৫ সালে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সিলভার জানান, রাশিয়া থেকে ম্যানহাটনে আসা ইহুদি অভিবাসী দম্পতির গল্প নিয়ে তৈরি এ সিনেমাটি অল্প বাজেটের। নিজ উদ্যোগে ৩৪ দিন বিভিন্ন স্থানে শ্যুটিং করে এ সিনেমা নির্মাণ করা হয়েছিল। মুভিটি ফিরিয়ে দিয়েছিল একাধিক স্টুডিও। এগিয়ে এসেছিলেন স্বামী রাফায়েল ডি সিলভার। কান উৎসবে অংশ নেয় মুভিটি। সিনেমা হলে রাতারাতি আয় করে ফেলে ৫ মিলিয়ন ডলার, মুভির বাজেটের ১৪ গুণ বেশি। ‘হেস্টার স্ট্রিট’ এবং ‘বিটুইন দ্য লাইনস’সহ সাতটি সিনেমা নির্মাণ করে হলিউডের নারী নির্মাতাদের পথ সুগম করেছেন জোয়ান মিকলিন সিলভার।