কয়েক সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ জ্যাক মা

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। সোমবার ডেইলিমেইল, টাইমস অব ইন্ডিয়া, দ্য সান-সহ একাধিক প্রভাবশালী মিডিয়ায় বলা হয়েছে, অক্টোবরের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

মা’র উপস্থিতি আলোচনায় আসে তার নিজের একটি ট্যালেন্ট শো থেকে সরে দাঁড়ানো নিয়ে। আফ্রিকা’স বিজনেস হিরোস নামের ওই শোয়ের ফাইনালে তার বিচারক হিসেবে থাকার কথা ছিল। কিন্তু প্রতিযোগীরা জানিয়েছেন, রহস্যজনকভাবে অন্য একজনকে বিচারক করা হয়েছে।

গত নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু দেখানো হবে আরও পরে। ওই রেকর্ডিংয়ের কয়েক দিন আগে চীনের প্রযুক্তি জগৎ নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং রাষ্ট্রীয় ব্যাংকের সমালোচনা করে বক্তব্য দেন জ্যাক মা।

চীনের আর্থিক খাতে জ্যাক মার একাধিক প্রতিষ্ঠান এখন রাজত্ব করছে। চীনের নিয়ন্ত্রকেরা বলছেন, এতে বাজারের প্রতিযোগিতা নষ্ট হচ্ছে। এই অজুহাতে আলিবাবার অনেক বাজেট আটকানো হয়েছে।

টিভি অনুষ্ঠানের সেই প্রতিযোগিতার ওয়েবপেজ থেকে জ্যাক মা’র ছবি নামিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে প্রমোশনাল ভিডিও।

দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলছে, প্রতিযোগিতার ফাইনাল প্রচার বিলম্বিত করা হয়েছে আগামী বসন্ত পর্যন্ত। আলিবাবা’র এক মুখপাত্র ওই পত্রিকাকে বলেছেন, শিডিউল নিয়ে সমস্যা থাকার কারণে বিচারক প্যানেলে জ্যাক মা আর থাকছেন না।

জ্যাক মা’র সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে ১০ অক্টোবরের পর কোনো কার্যক্রম নেই।