‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিও’ লেখা চিরকুট হাতে নিয়ে সালমান (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে।
সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
এর আগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌর শহরের রাউতপাড়ায় ভাড়া বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
সালমান মোহনগঞ্জে ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করতেন বলে জানা গেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুর আহাদ খান এবং পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান জানান, ভাড়া বাসায় ঘরের এঙ্গেলের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় চিরকুট হাতে মৃতদেহ উদ্ধার করা হয়। আজ (সোমবার) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। চিরকুটে লেখা ছিল ‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, সংসারের অনেক ক্ষতি করেছি. আমাকে মাফ করে দিও’।
সালমান স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করায় সেখানে অনেক টাকার হিসাব দিতে পারছিলেন না। ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান।