মুনিরা জীবিত থাকলেও জাতীয় পরিচয়পত্রে মৃত!

জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রের হিসাবে মুনিরা চৌধুরী (৬৩) মৃত। এর ফলে  ৮ বছর ধরে ভোট প্রয়োগ থেকে শুরু করে সকল  নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই নারী। 

বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের আজগর আলীর স্ত্রী মুনিরা চৌধুরী ভুল সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে ৪ মাস আগে  আবেদন করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এদিকে জাতীয় পরিচয়পত্রে তাকে মৃত উল্লেখ করায় গত দুটি জাতীয় নির্বাচনে তাকে ভোট দিতে দেওয়া হয়নি।

একই কারণে তিনি ব্যাংক হিসাব, মোবাইল ফোনের সীম ক্রয়সহ নানা কাজে পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না।

মুনিরা চৌধুরী জানান, গত ২৪ সেপ্টেম্বর এই দুর্ভোগ থেকে বাঁচতে তিনি বাহুবল উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।

বাহুবল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ২০১২ সালে ডেটাবেইসে মুনিরাকে মৃত বলে টাইপ করা হয়েছে। তার আবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে।