সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদেয় ভাতা গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগীর কাছে পৌঁছে যাবে বিকাশে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বিকাশের মাধ্যমে পাবেন। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিকাশের এ সংক্রান্ত চুক্তি হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম প্রমুখ।
১৯৯৭-৯৮ অর্থবছর এই ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি ১০০ টাকা হারে শুরু করেন। পর্যায়ক্রমে ২০১৬-২০১৭ অর্থবছরে জনপ্রতি ভাতা ৫০০ টাকায় উন্নীত করেন। প্রতিবন্ধীরা ভাতা পান ৭৫০ টাকা করে। প্রান্তিক জনগোষ্ঠী বিকাশে প্রাপ্ত ভাতা বাড়তি খরচ ছাড়াই দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশআউট করতে পারবেন।