বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে ১৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, গতকাল সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা নাগাদ বিশে^ করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৩২। একই সময় নাগাদ বিশে^ করোনায় মোট মারা গেছে ১৮ লাখ ৫০ হাজার ৬০৭ জন।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৪ লাখ ৫২ হাজার ৯১৮।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। দেশটিতে করোনায় মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১। দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬। দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৯৬ হাজার ১৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।
করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।