অস্ত্র ও মাদক মামলা

ইরফান সেলিমের অব্যাহতি চায় পুলিশ

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় আদালতে ‘চূড়ান্ত প্রতিবেদন’ দাখিল করে তার অব্যাহতি চেয়েছে পুলিশ।

অস্ত্র ও মাদকের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিমের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি। তাছাড়া অন্যান্য সাক্ষ্যপ্রমাণও প্রমাণিত না হওয়ায় দুই মামলায় ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে।

লালবাগ থানার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি যে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি (পিস্তল) ইরফান সেলিমের এবং মাদক ও মদ তার। যে কক্ষে এগুলো জব্দ দেখানো হয়েছে সেই কক্ষে মানুষ অবাধে যাতায়াত করে। ওই অবৈধ পিস্তলটি কার তা তদন্ত করে বের করা যায়নি। এটির মালিক ইরফান কি না তাও জানা যায়নি। তবে তার দেহরক্ষী জাহিদ মোল্লাকে ওই দুটি মামলায় আসামি করা হয়েছে। ইরফানকে দায়মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, মামলা দুটির ফাইনাল রিপোর্টে বলা হয়েছে, ‘মিসটেক অব ফ্যাক্টস’। অর্থাৎ তথ্যগত ভুল ছিল। সে কারণে এ প্রতিবেদন দিয়ে আসামির অব্যাহতি চাওয়া হয়েছে। তবে ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লার বিরুদ্ধে হওয়া অস্ত্র ও মাদক আইনের অন্য দুটি মামলায় অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান ওসি।

ইরফান সেলিম ও জাহিদুল মোল্লার বিরুদ্ধে ওই চারটি মামলা করেছিলেন র‌্যাব-৩-এর ডিএডি মো. কাইয়ুম ইসলাম। তদন্ত শেষে গতকাল সোমবার ইরফান সেলিমের দুই মামলায় চূড়ান্ত প্রতিবেদন এবং জাহিদ মোল্লার দুই মামলায় অভিযোগপত্র দেওয়া হয় বলে জানান ওসি।