রাজবাড়ীতে ১৩ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার এ আদেশ দেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শারমিন নিগার।
জানা গেছে, ২০০৮ সালে রাজবাড়ী জেলা সদরে ১৩ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে এক নারীসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি সাঈদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শুরু থেকেই পলাতক রয়েছে।
আদালত একই সঙ্গে ওই মামলার আরও ৩ আসামি আলাল, রনি ও মহির খাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত না থাকায় আদালত অভিযুক্ত শুকুর মোল্লা ও রোজিনাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।