জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের জেল দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নন্দ রানী (৩১) কালাই উপজেলার বিয়ালা গ্রামের শ্রী জিতেন চন্দ্র মালীর মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, কালাই উপজেলার বিয়ালা গ্রামের নন্দ রানী ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে পরদিন কালাই থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা রতন কুমার রায় ওই বছরের ২৫ আগস্ট অভিযোগের সত্যতা না পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। মঙ্গলবার বাদী আদালতে উপস্থিত হয়ে মামলাটি মিথ্যা বলে সাক্ষ্য দেন। মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে আদালত তাকে এ সাজা দেয়। পরে আদালতের নির্দেশে বাদী নন্দ রানীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় আবুল হায়াতকে।
পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায় সমাজের জন্য একটি মেসেজ। ভবিষ্যতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা সবাই ভেবেচিন্তে করবে এবং হয়রানি থেকে নিরীহ মানুষ মুক্তি পাবে।