কাতারের ওপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা। কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ। গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হচ্ছে।’

এর আগে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।