শরীয়তপুর সদর পৌরসভায় ট্রলিচাপায় বিজয় দত্ত রবি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা শহরের পালং উত্তর বাজারের শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় হাবিবুর রহমান শেখ (২৮) নামে একজন আহত হন। হাবিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকরা।
নিহত বিজয় দত্ত রবি নোয়াখালী জেলার সুদারাম উপজেলার সেনবাড়ি বিনোদপুর গ্রামের কান্তি দত্তর ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর মডেল টাউনে অবস্থিত মাদবর ম্যানশন টাইলস সিটি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। আর আহত হাবিবুর রহমান শেখ ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ঘোড়াখালী ঘোড়াখালি গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে। তিনিও একই দোকানে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
পালং মডেল থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের কাছেই ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে টাইলস সিটি দোকানের দিকে যাচ্ছিলেন রবি ও হাবিবুর। শরীয়তপুর পৌরসভা শহরের পালং উত্তর বাজার এলাকায় পৌঁছালে ওপর দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে পরে রবি এবং হাবিবুর গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তদেরকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত হাবিবুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি জানালে ঘাতক ট্রলিটি জব্দ করি। পাশাপাশি ট্রলিচালক সোহাগ দেওয়ানকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।