বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, হত্যা মামলায় ৯ জন কারাগারে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামে বউভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার নিহতের ছেলে সুরুজ মীর বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৯ আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন, নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।

পুলিশ জানায়, গত রোববার দক্ষিণ রফিয়াদি গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ওই দিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেওয়া হয়। গত মঙ্গলবার বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করেন। খাবারের একপর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষের অতিথিদের সঙ্গে বর পক্ষের লোকজনের বাদানুবাদ হয়। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে আঘাত লেগে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পরপরই স্থানীয়রা কনে পক্ষের ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় আটক ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত শেষে আজাহার মীরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম।