বাড়িতে চুল রং করতে গিয়ে অনেক সময় হাত ও ত্বকে লেগে যায়। জেনে নিন সহজে কীভাবে এই রং দূর করবেন
সাবানপানি : রং লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন। নইলে ত্বকে দাগ হয়ে যাবে। রং লাগলে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে পরিষ্কার করে হালকা গরম পানি দিয়ে ত্বকের জায়গাটুকু ধুয়ে নিন।
অলিভ অয়েল : ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে অলিভ অয়েল। স্কিনে কালারের দাগ পড়ে গেলে একটু তুলোয় করে অলিভ অয়েল নিয়ে রং লাগার জায়গায় আস্তে আস্তে ঘষুন। আট ঘণ্টা রেখে গরম পানি দিয়ে ধুয়ে নিলেই দাগ উঠে যাবে।
টুথপেস্ট : রঙের দাগ তুলতে টুথপেস্ট দারুণ কাজ করে। আঙুলে করে যে জায়গায় রং লেগেছে সেখানে নন-জেল টুথপেস্ট লাগান। ত্বকে ধীরে ধীরে মাসাজ করে ৫-১০ মিনিট রেখে দিন। গরম পানিতে একটি কাপড় ভিজিয়ে মুছে নিন।
পেট্রোলিয়াম জেলি : পেট্রোলিয়াম জেলি খুব সহজে রঙের দাগ তোলে। হাতে বা তুলোয় করে পেট্রোলিয়াম জেলি নিয়ে দাগের জায়গায় ভালো করে ঘষুন। দাগ না যাওয়া পর্যন্ত ঘষতে হবে। দাগ উঠে গেলে পরিষ্কার করে নিন।
মেকআপ রিমুভার : মেকআপ রিমুভার দিয়ে সহজে দাগ তোলা যায়। তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে পাঁচ মিনিটের মতো ঘষুন। দাগ নিমেষে উঠে যাবে।
নেলপলিশ রিমুভার : নেলপলিশ রিমুভার মুখে বা গলায় ব্যবহার করা উচিত না হলেও, হাতে ব্যবহার করা যায়। তুলোয় করে রিমুভার নিয়ে কয়েক সেকেন্ড রং লাগার জায়গায় লাগিয়ে ঘষুন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে।
বেকিং সোডা : বাসন মাজার সাবান এবং বেকিং সোডা দিয়ে পেস্ট বানিয়ে হাতে রং লাগা জায়গায় ঘষুন। গরম পানিতে ধোয়ার পর রঙের দাগ চলে যাবে।