কোনো মানুষ গৃহহীন থাকবে না: এনাম

বর্তমান সরকারের সময়ে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

নওগাঁয় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ঘর পরিদর্শনে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত বাড়ি পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

তিনি এ সময় ঘরের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সারাদেশে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের সময়ে কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে। সেগুলোর কাজ শেষের দিকে। আগামী ২০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন’।

সাংবাদিকদের এক প্রশ্নে এনাম বলেন, ‘নওগাঁ জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ করার আগে টাস্কফোর্স কমিটির সভার কারণে প্রকৃত সুফলভোগী নির্বাচন, সুবিধাজনক খাসজমি উদ্ধার করে এমন চমৎকার বাড়ি নির্মাণ করাটা আরো সহজ হয়েছে’।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি)।