'এক সময় যাদের জায়গা ছিল না, ঘর ছিল না মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জায়গা দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটি পরিবারের বাসস্থান নিশ্চিত করা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যকে সামনে রেখে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।'
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি এসব কথা বলেন। মন্ত্রী আশ্রয়ণ প্রকল্পবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে উপজেলা হলরুমে সকল পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময়সভা করেন তিনি।
নির্বাচিত হওয়ার পর প্রথম আলফাডাঙ্গাতে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এটা আমার জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতি বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগ এবং ন্যায় বিচারকে সুনিশ্চিত করতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের সর্বচ্চো মর্যাদা আমি ভোগ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম দলের চারটি গুরুত্বপূর্ণ মর্যাদা ভোগ করেছি। এখনো এই দলের নীতি নির্ধারণী পদের একজন হয়ে কাজ করছি। ব্যক্তিগতভাবে আমার চাইবার, আকাঙ্ক্ষার বা ব্যক্তিগত প্রতিষ্ঠার কোনো লোভ-লালসা নাই।
উপজেলার সকল কর্মকর্তার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের দায়িত্বপালনের মধ্যে যেন একটি মানবিক দিক থাকে, সেভাবে দায়িত্ব পালন করবেন।
আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনসহ ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমীন ইয়াসমিন, থানার ওসি সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য তৌহিদুর রহমান মুক্ত প্রমুখ।
