ফরিদপুরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী। যশোরের মনিরামপুরে খুন করা হয়েছে চা দোকানিকে। দিনাজপুরের হাকিমপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে মারা গেছেন বড় ভাই। প্রতিনিধিদের পাঠানো খবর :
ফরিদপুর : স্ত্রী লামিয়া মিমকে (২০) ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী বিপ্লব (২৫)। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, তিন বছর আগে বিয়ে হয় বিপ্লব-লামিয়া দম্পতির। বিপ্লবের বাড়ি কুষ্টিয়া জেলা সদরের হাট্টা হরিপুর গ্রামে। তিনি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি ইটভাটায় কাজ করতেন। লামিয়ার বাড়ি ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে। লামিয়ার বাবা নিজের জমিতে একটি টিনের ঘর করে দেন মেয়ের জন্য।
যশোর : মনিরামপুরে বাড়ি থেকে দোকান খোলার উদ্দেশ্যে বেরিয়ে খুন হয়েছেন এক চা বিক্রেতা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জালাল বিশ্বাস (৫০) ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।
যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন জালাল। এরপর সকাল ৮টার পর তার মরদেহ পাওয়া যায় গ্রামের ঈদগাহের পাশের একটি ধানক্ষেতে। নিহতের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
হাকিমপুর (দিনাজপুর) : হাকিমপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই রুহুল আমিনের কাঠের আঘাতে মুক্তার হোসেন (৩০) নামে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।