নাটালি পোর্টম্যান। হলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীর ঝুলিতে রয়েছে বড়সড় কিছু ব্লকবাস্টার। তিনি ভক্তের ডাক ফিরিয়ে দিতেই পারেন। হতে পারে সেই ভক্ত বলিউডের তারকা রণবীর কাপুর! জানুন তবে সেই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, একবার প্রকৃতির ডাকে নিউইয়র্কের রাস্তা দিয়ে হোটেলের উদ্দেশে ছুটছিলেন রণবীর। হঠাৎ তার চোখের সামনে হলিউডের অপ্সরা নাটালি।
রণবীর তো ‘ব্ল্যাক সোয়ান’ নায়িকার বিশাল ভক্ত! ব্যস, প্রকৃতির ডাককে অগ্রাহ্য করে তিনি অনুসরণ করলেন নাটালিকে। ছুটে গিয়ে আরজি জানালেন একটি ছবির জন্য, ‘‘একটা ছবি, একটা ছবি!’’
নাটালির সঙ্গে এক ফ্রেমে রণবীর। দারুণ একটা ছবি হতে যাচ্ছিল। কিন্তু তেমন সৌভাগ্য ছিল না রণবীরের। নাটলি তাকে “গেট লস্ট আই সে” বলে তাড়িয়ে দেন। অর্থাৎ, সরাসরি “বেরিয়ে যাও বলছি” বলে চিৎকার দেন।
পর মুহূর্তে রণবীর দেখলেন, নাটালি কাঁদছেন। উত্তেজনার বশে আগে খেয়াল করেননি ‘রকস্টার’ তারকা।
কয়েক বছর আগে রণবীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের কথাটি জানিয়েছিলেন ‘কপিল শর্মার শো’তে। এই ঘটনাটির পরও তার মনে নাটালিকে নিয়ে কোনো বিতৃষ্ণা তৈরি হয়নি। মন খারাপ হয়েছিল বটে। কিন্তু প্রেমের পরিমাণ কমেনি আজও। আবার যদি কোথাও দেখেন প্রিয় নায়িকাকে ‘ছবি ছবি’ বলে ছুটে যাবেন। এমনটা জানালেন। আশা করা যায়, পরেরবার তাকে নিরাশ করবেন না নাটালি পোর্টম্যান।
শোনা যায়, রণবীরকে অগ্রাহ্য করেছিলেন বিখ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। তবে রবার্ট ডি নিরোর সঙ্গে দারুণ কিছু সময় ফ্রেমবন্দির সুযোগ পান এ নায়ক।