ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের কারামুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুর উদ্যোগে রামচন্দ্রপুর বায়তুল নুর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রুহুল আমিনের মুক্তি কামনায় পালিত ওই কর্মসূচিতে চর দরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু ও জ্যেষ্ঠ সহসভাপতি জামাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
২০১৯ সালের ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন নুসরাত জাহান রাফিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা শ্লীতাহানির মামলা তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় একই বছরের ১৯ এপ্রিল সোনাগাজীর তাকিয়া রোড এলাকার নিজ বাসভবন থেকে তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
একই বছরের ২৪ অক্টোবর নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ জনের ফাঁসির রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।
বর্তমানে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি হাইকোর্টের আপিল বিভাগে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে। দণ্ড পাওয়া আসামিরা বর্তমানে ফেনী, কুমিল্লা ও কাশিমপুর কারাগারে রয়েছেন।