বিয়েবিচ্ছেদের পর কিছুদিন সময় লেগেছে নিজেকে সামলে নিতে। এখন কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। জানালেন নতুন দিনের পরিকল্পনার কথা
জীবন তেমনই...
মানুষের জীবন ঘটনাবহুল। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভাঙা-গড়া, সম্পর্ক-বিচ্ছেদ থাকবেই। সময়গুলো পরিবর্তন হয়। আমার জীবনে সময় পরিবর্তন হলেও জীবনে কোনো পরিবর্তন আসেনি। এর আগেও কোনো পরিবর্তন আসেনি, এখনো আসেনি। আমার জীবন আগে যেমন ছিল, এখনো তেমন যাচ্ছে। জীবনে পরিবর্তন এলে এসব চিন্তা করতে হতো না। তবে আমি ভালো আছি। নতুন করে কাজে ফিরেছি। সামনে ভালো খবর দেব। অবশ্যই সেটি তার কাজকেন্দ্রিক। আপাতত তা সারপ্রাইজ হিসেবে থাকুক।
প্রথমবার...
গত বছর প্রথমবারের মতো উপস্থাপনা শুরু করি রেডিও স্বাধীন এফএমে। ‘ইচ্ছেডানা এফএম’ নামে এই শো করোনা সংক্রমণ শুরু হলে বন্ধ হয়ে যায়। এবার টেলিভিশনের জন্য প্রথম কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছি। ‘আমার আইন আমার অধিকার’ নামে এই অনুষ্ঠানটি মূলত সাধারণ মানুষদের আইনগত সহায়তা দেবে। আগামী ১৩ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনিবার অনুষ্ঠানটি প্রচার হবে নিউজ বাংলা ২৪-এ। তারানা হালিম ও মিতি ফারজানা অনুষ্ঠানের এক্সপার্ট থাকবেন। অনুষ্ঠানটি শুধু নারীদের জন্য নয়। সবার জন্য আইনগত সেবার পরামর্শ দেওয়া হবে। ট্রেড লাইসেন্স, শিশু অধিকার, ডিভোর্স, নারীদের প্রতি সহিংস আচরণ, জমিজমা সংক্রান্ত সমস্যা এগুলো একেক এপিসোডে তুলে ধরা হবে।
উপস্থাপনার পেছনে...
তবে আমি টিপিক্যাল উপস্থাপনা করতে চাই না। অভিনয় করাই আমার মূল কাজ। অভিনয় দিয়েই মানুষ আমাকে চেনে, পছন্দ করে। পাশাপাশি মানুষের জন্য এমন কিছু করতে চাই, যা তাদের উপকার হয়। এ জন্যই ‘আমার আইন আমার অধিকার’ নামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। আমার কাছে মনে হয়েছে ‘আমার আইন আমার অধিকার’ সাধারণ মানুষদের উপকারে আসবে। আমার কারণে যদি কিছু মানুষ অনুষ্ঠানটি দেখে উপকৃত হন তাহলেই কাজের স্বার্থকতা। দায়িত্ববোধ থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করছি।
নাটকে...
‘দেবী’ সিনেমার পর
মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকটি আমার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাটক। এ ছাড়া তৌকীর আহমেদের পরিচালনায় ধারাবাহিক ‘রূপালী জ্যোৎস্নায়’ কাজ করছি। গতকাল কক্সবাজারে কয়েকটি খন্ড নাটকের শ্যুটিং শেষে ঢাকায় ফিরেছি। পরিচালনা করেছেন দীপু হাজরা, বি ইউ শুভ ও আসাদুজ্জামান আসাদ। আমার সহশিল্পী সজল, সারিকা, মনোজ প্রামাণিকসহ অনেকে। নাটকগুলো শিগগির কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ও রাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।