করোনার বৈশ্বিক সংক্রমণ ৯ কোটি ছাড়াল

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনে (স্ট্রেইন) নাকাল বিশ্ব। সংক্রমণ ছাড়িয়ে গেল নয় কোটি। সপ্তাহখানেকের মধ্যে মৃত্যু ছাড়াতে পারে ২০ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ৮০ হাজারের মতো। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৯ লাখ ৩৫ হাজার জনের।

অবশ্য সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ২৭ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে সাড়ে ১২ হাজারের মতো।

নতুন করে প্রায় আড়াই লাখ সংক্রমণে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ প্রায় ২ কোটি ২৭ লাখে দাঁড়িয়েছে। আরও ৩ হাজার ২৩৫ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ সাড়ে ৮১ হাজারে। উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

করোনার নতুন ধরনে নাকাল যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৮০ হাজার ৮৬৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রায় ৬০ হাজার নতুন শনাক্তে মোট সংক্রমণ ৩০ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে।