ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আশরাফুল আলম টুলু (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে চরফ্যাশন পৌর এলাকার শরীফ পাড়া সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মনির হোসেন নামে আরও একজন আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আশরাফুল আলম টুলু ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক  এবং ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম চর উম্মেদ গ্রামের মাহে আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ইউপি সদস্য আশরাফুল আলম টুলু দুপুর সাড়ে ১২টার দিকে  ব্যক্তীগত  কাজে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশনে যান। চরফ্যাশন পৌর শরীফ পাড়া এলাকায় আসলে একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে আশরাফুল আলমের মৃত্যু হয়। এবং আহত মনির হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল মিঞা জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক টেম্পুটিকে জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে।